কোষ্ঠকাঠিন্য বাড়ায় যে ১০টি খাবার দেখুন
কোষ্ঠকাঠিন্য তাকেই বলে যখন একজন মানুষ সপ্তাহে তিনবারের কম মলত্যাগ করেন। শুনতে অদ্ভুত হলেও সত্যি যে কোষ্ঠকাঠিন্যে অনেকেই ভোগেন নিয়মিত।
কোষ্ঠকাঠিন্য দূর করার বিষয়ে খাদ্যের ভূমিকা অনেক বড়। সঠিক খাবার যেমন কোষ্ঠকাঠিন্য থেকে আপনাকে দূরে রাখতে পারে, তেমনি ভুল খাবার কোষ্ঠকাঠিন্যের কষ্ট আরও বাড়াতে পারে।
কোষ্ঠকাঠিন্য বাড়ায় যে ১০টি খাবার:-
১) ফ্রোজেন খাবার
খুব কম সময়ে তৈরি করে ফেলা যায় বলে ফ্রোজেন খাবার পছন্দ করেন অনেকেই। কিন্তু এগুলোতে পুষ্টি উপাদান ও ফাইবার থাকে না বললেই চলে। এছাড়াও এসব খাবারে থাকে আর্টিফিশিয়াল সুইটনার, প্রিজার্ভেটিভ এবং ক্ষতিকর ফ্যাট। এগুলো সহজে হজম হতে চায় না এবং কোষ্ঠকাঠিন্য তৈরি করে।
২) লাল মাংস
রেড মিট বা লাল মাংস অর্থাৎ গরু ও খাসির মাংসে থাকে বেশি পরিমাণে ফ্যাট। ফলে তা হজম করা কঠিন এবং কোষ্ঠকাঠিন্যের কারণ হতে পারে। কোষ্ঠকাঠিন্য বাড়াতেও পারে এই মাংস। অন্যদিকে মুরগী, টার্কি এবং মাছে ফ্যাট কম থাকায় তা হজম হয় সহজেই।
৩) অ্যালকোহল এবং কফি
ডিহাইড্রেশন থেকে কোষ্ঠকাঠিন্য হয় আর অ্যালকোহল ও কফি দুটৈ ডিহাইড্রেশন তৈরি করে। এই দুইটি পানীয় যদি আপনি রাত্রে পান করেন, তাহলে এর পাশাপাশি আপনাকে বেশি করে পানি পান করতে হবে,নয়তো কোষ্ঠকাঠিন্য আরও তীব্র হবে।
৪) দুধ ও দুগ্ধজাত খাবার
দুধ, ক্রিম এবং পনিরে কোনো ফাইবার থাকে না, এ কারণে এসব খাবার কোষ্ঠকাঠিন্য বাড়াতে পারে। দুগ্ধজাত খাবার খাওয়া বাদ দিয়ে হোল গ্রেইন, সবজি ও ফল খাওয়াটা উপকারে আসতে পারে।
৫) পটেটো চিপস, ক্র্যাকারস এবং অন্যান্য প্রক্রিয়াজাত খাবার
পটেটো চিপস, ক্র্যাকার, বিস্কুট, ব্রেকফাস্ট সিরিয়াল এসব খাবারে পুষ্টি উপাদান নেই বললেই চলে। এগুলোতে ফাইবার অনেক কম থাকে বলে তা কোষ্ঠকাঠিন্য তৈরি করে।
৬) চকলেট, কেক এবং কুকি
মিষ্টি খাবার আমাদের পরিপাকতন্ত্রের হজম ক্ষমতা কমিয়ে দেয় কারণ এতে থাকে উচ্চ মাত্রায় কার্বোহাইড্রেট, কম ফাইবার এবং উচ্চ মাত্রায় ফ্যাট। বিশেষ করে চকলেট কোষ্ঠকাঠিন্য বাড়াতে বেশি দায়ী।
৭) তেলে ভাজা খাবার
চিকেন ফ্রাই, ফ্রেঞ্চ ফ্রাই- এসব খাবার মুখরোচক বটে, কিন্তু তা কোষ্ঠকাঠিন্য বাড়াতে ভূমিকা রাখে। এসব খাবার হজম হতে অনেক বেশি সময় লাগে।
৮) ডিম
উচ্চ মাত্রায় প্রোটিনযুক্ত ডিম স্বাস্থ্যকর খাবার বটে, কিন্তু এতে ফাইবার অনেক কম থাকে। অনেকেই ব্রেকফাস্ট ডিম খান। কোষ্ঠকাঠিন্য দূরে রাখার জন্য ডিমের সাথে সবজি খাওয়া জরুরী।
৯) সাদা পাউরুটি
রিফাইনড ময়দায় তৈরি সাদা পাউরুটি ব্লাড সুগার বাড়াতে পারে। শুধু তাই নয়, এতে ফাইবার অনেক কম থাকে বলে তা কোষ্ঠকাঠিন্যও বাড়াতে পারে। নিয়মিত পাউরুটি খেলে কোষ্ঠকাঠিন্যও হবে নিয়মিত। এর বদলে লাল আটার রুটি বা হোল গ্রেইন/মাল্টি গ্রেইন পাউরুটি খেতে পারেন।
১০) কাঁচা কলা
পাকা কলায় বেশি পরিমাণে ফাইবার থাকে, তাই তা মলত্যাগে সাহায্য করে। কিন্তু কাঁচা কলায় আবার অতিরিক্ত স্টার্চ থাকে যা কোষ্ঠকাঠিন্য আরও বাড়িয়ে দিতে পারে। তাই কোষ্ঠকাঠিন্য থাকলে সবজি হিসেবে কাঁচা কলা না খাওয়াই ভালো। এর বদলে পাকা কলা খান।


No comments